1. domhostregbd@gmail.com : devteam :

February 25, 2026, 7:55 am

আপাতত ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না ভারত

আপাতত ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না ভারত

ভারত সরকার প্রায় আড়াই মাস ধরে বাংলাদেশি নাগরিকদের পর্যটন ভিসা দেওয়া যে বন্ধ রেখেছে, তা চট করে আগামী দিনগুলোতে আবারও শুরু হবে– এমন কোনও সম্ভাবনা নেই!

ভারত সরকার বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পরিষ্কার জানিয়ে দিয়েছে, যতক্ষণ না বাংলাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে’ এবং ‘অনুকূল পরিবেশ আবারও ফিরে না আসছে’, ততক্ষণ সে দেশে তাদের ভিসা কার্যক্রম কোনোমতেই স্বাভাবিক হবে না। ফলে সোজা কথায়– অদূর ভবিষ্যতে ভারত যে বাংলাদেশে আবার ট্যুরিস্ট ভিসা দিতে শুরু করছে না, এটা এদিন একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। তবে সীমিত সংখ্যায় মেডিক্যাল বা ইমার্জেন্সি ভিসা ইস্যু করা জারি থাকবে।

অথচ ভারতে বাইরের যে দেশটি থেকে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক আসেন, সেটি কিন্তু ইউরোপ-আমেরিকার কোনও দেশ নয়– বরং বাংলাদেশ। কোভিড মহামারির আগের বছরও ভারত বাংলাদেশে প্রায় ১৮ লাখ পর্যটন ভিসা ইস্যু করেছিল, যা একটি রেকর্ড। এই ভিসা-প্রাপকদের মধ্যে অনেকে একাধিকবার ভারতে এসেছিলেন। ফলে ধারণা করা হয়—২০১৯-২০ অর্থবছরে অন্তত ২০ থেকে ২২ লাখ বাংলাদেশি পর্যটক ভারতে এসেছিলেন। কোভিডের পর গত দুই-আড়াই বছরে পর্যটকদের ঢল আবারও সেই রেকর্ড ভাঙার দিকেই এগোচ্ছিল। কিন্তু ৫ আগস্টের পর বাংলাদেশে ভিসা দেওয়ার প্রক্রিয়া কার্যত পুরোপুরি থমকে গেছে। ভারত কেন ভিসা দিচ্ছে না বা পাসপোর্ট নিয়ে দিনের পর দিন আটকে রেখেছে, এই দাবিতে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলোর সামনে বিক্ষোভ-প্রতিবাদও হয়েছে।

ভিসা দেওয়ার প্রক্রিয়া কবে নাগাদ স্বাভাবিক হবে, এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তো সীমিত আকারে (‘লিমিটেড’) ভিসা দিচ্ছি। চিকিৎসার কারণে, বা জরুরি কোনও কারণে কারও ভারত আসার দরকার হলে লিমিটেড সংখ্যায় সেই ভিসা দেওয়া হচ্ছে।’

‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি হয় এবং আমাদের স্বাভাবিক কাজকর্মের উপযুক্ত পরিবেশ যদি ফিরে আসে, তখনই আবারও আমরা আগের মতো ভিসা দিতে পারবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2022 duibangla.com
Developed by duibangla.com Team